ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মাঝ আকাশে অসুস্থ যাত্রী, ওমানে ৯ দিন চিকিৎসা করিয়ে দেশে নিয়ে এলো বিমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
মাঝ আকাশে অসুস্থ যাত্রী, ওমানে ৯ দিন চিকিৎসা করিয়ে দেশে নিয়ে এলো বিমান
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফেরার পথে মাঝ আকাশে অসুস্থ হয়ে যাওয়া এক রোগীকে ওমান নামিয়ে ৯ দিন সেখানকার বিখ্যাত হাসপাতালে চিকিৎসা করিয়ে নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে বাংলাদেশ বিমান। চিকিৎসার খরচও বহন করেছে সংস্থাটি। 

রোববার ঐ যাত্রীকে ঢাকায় স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। 

তাহেরা খন্দকার জানান, প্রায় ২ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান ঢাকার দোহারের বাসিন্দা আশিক মিয়া ওরফে খোকন। গত ২ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে দেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৪০ ফ্লাইটে যাত্রা করেন তিনি। সৌদি থেকে ১ ঘণ্টা যাত্রার পর হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন আশিক। তার জীবন রক্ষায় ফ্লাইটের ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ ওমানের মাস্কাট বিমান বন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করেন।

Advertisement

প্রথমে তাকে মাস্কট এয়ারপোর্টের ইমারজেন্সি ক্লিনিকে নেয়া হয়, পরে সেখান থেকে তাকে দেশটির কেআইএমএস হাসপাতালে স্থানান্তর করা হয়। ব্রেন স্টোক করায় ঐদিন রাতেই তাকে মাস্কাটের বিখ্যাত সরকারি খওলা হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে পাঠানো হয়। সেখানে তাকে আইসিউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। এতে অবস্থার কিছুটা উন্নতি হলে ১০ ফেব্রুয়ারি তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।

অবশেষে সুস্থ বোধ করায় ডাক্তারের সার্টিফিকেট সাপেক্ষে ১১ ফেব্রুয়ারি বিজি৭২২ যোগে তাকে ঢাকায় এনে স্বজনদের কাছে পৌঁছে দেয় বিমান। এর মাঝে আশিকের ওমানের ভিসা করা এবং ৩টি হাসপাতালে চিকিৎসার সম্পূর্ণ তত্ত্বাবধান করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমান অফিসের কর্মকর্তারা।

হাসপাতাল ও এয়ারপোর্টের সব খরচও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে বলে জানান সংস্থাটির মহাব্যবস্থাপক।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!