ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পুলিশের হাতে মাদক থাকলে চাকরি যাবে, মামলাও হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
পুলিশের হাতে মাদক থাকলে চাকরি যাবে, মামলাও হবে: আইজিপি
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

মাদক সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশ সদস্যদের কঠোর হুঁশিয়ারি দিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ সদস্যদের মাদক সংশ্লিষ্টতার প্রমাণ মিললে শুধু চাকরি থাকবে না, সঙ্গে মামলাও হবে।

বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ) ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ইউনিটদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আমাদের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে সাধারণ মানুষের চেয়েও বেশি ব্যবস্থা নেয়া হয়। সাধারণ মানুষের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা থাকলে শুধু মামলা দেওয়া হয়। আর পুলিশ সদস্যদের শুধু মাদক সংশ্লিষ্টতার প্রমাণ মিললে চাকরি তো থাকবেই না, সঙ্গে মামলাও হবে। 

Advertisement

তিনি আরো বলেন, নিয়োগের সময় আমরা প্রত্যেক সদস্যের ডোপ টেস্ট করিয়ে থাকি। মাদকাসক্ত হলে পুলিশে কেউ চাকরি পাবে না।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মাদক ও দুর্নীতি সমাজের নীরব ঘাতক। মাদকবিরোধী অভিযানে বাংলাদেশ পুলিশ জয়ী হবে। জঙ্গি-সন্ত্রাস যেভাবে নিয়ন্ত্রণে এনেছে, যেভাবে মাদক নিয়ন্ত্রণেও সফল হতে হবে। এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জঙ্গি-মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের শূন্য সহিষ্ণুতা নীতি রয়েছে। যেকোনো ঘটনা ঘটলে দ্রুত আমরা অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসছি।

স্মার্ট বাংলাদেশের উপযুক্ত পুলিশ গড়ে তুলতে কাজ করার কথা জানিয়ে আইজিপি বলেন, পুলিশকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করছি। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। সবাই যেন নির্ভয়ে থানায় আসতে পারেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।

তিনি বলেন, পুলিশের প্রত্যেক সদস্য সেবা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। পুলিশের নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা সর্বক্ষেত্রে প্রশংসিত হচ্ছে। আমরা নিয়োগ প্রক্রিয়ার অধিকাংশ কাজ স্মার্ট পদ্ধতিতে সম্পন্ন করছি। ঘরে বসে আবেদন করতে পারছে, কোথায় পরীক্ষা সেটা জানতে পারছে, ফলাফলও ঘরে বসে পেয়ে যাচ্ছে। এর মধ্যে কোনো দালাল নেই।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ও প্যারেড উপ-কমিটির সভাপতি মো. কামরুল আহসান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস/এআর
ট্যাগ: আইজিপি
লিংক সফলভাবে কপি হয়েছে!