ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রেকর্ড বৃষ্টিপাত: ঢাকা-দুবাই এর ৯ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ১৭ এপ্রিল ২০২৪
রেকর্ড বৃষ্টিপাত: ঢাকা-দুবাই এর ৯ ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

নজিরবিহীন বৃষ্টি আর আকষ্মিক বন্যায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ২৪ ঘণ্টায় ঢাকা থেকে দুবাই ও শারজাহগামী নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জানা যায়, ভারী বৃষ্টিতে ডুবে গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের রানওয়ে। বিমানবন্দরের আশপাশের এলাকাগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। জলাবদ্ধ রানওয়ে থেকে উড্ডয়ন করতে দেখা গেছে একটি বিমানকে। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বন্দরের কার্যক্রম প্রায় ২৫ মিনিট বন্ধ ছিল বলে দাবি করেছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, রেকর্ড বৃষ্টিপাতের কারণে ১৭ এপ্রিল এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট, ফ্লাই দুবাইয়ের দুটি ও এমিরেটস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

Advertisement

এর আগে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের বাসিন্দারা গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে। ১৯৪৯ সালে দেশটিতে বৃষ্টিপাতের তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করা শুরু হওয়ার পর থেকে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে এই বৃষ্টিপাত। সারা দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব পড়েছে।

জাতীয় আবহাওয়া অধিদফতর ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি নিশ্চিত করেছে, ১৬ এপ্রিল মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, তা জলবায়ু সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার শুরু থেকে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা।

রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত, আল আইনের ‘খাতম আল শাকলা’ এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টার কম সময়ে ২৫৪ মিলিমিটারে পৌঁছেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!