ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে ফিরলেন ২৮ হাজার ৯৪১ হাজি, মৃত্যু ৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ২৯ জুন ২০২৪
দেশে ফিরলেন ২৮ হাজার ৯৪১ হাজি, মৃত্যু ৫৪
ফাইল ফটো

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ২৮ হাজার ৯৪১ জন হাজি দেশে ফিরেছেন। আর হজ পালন করতে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

শনিবার ভোর রাতে দেওয়া হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানা গেছে।

এদিকে মারা যাওয়া ৫৪ হাজির মধ্যে পুরুষ ৪১ এবং নারী ১৩ জন। এদের মধ্যে মক্কায় ৪৩ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। 

Advertisement

এখন পর্যন্ত সৌদি থেকে ২৮ হাজার ৯৪১ জন হাজি ৭৪টি ফ্লাইটে বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৩টি ও সৌদি এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করে। আর ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করে ২১টি ফ্লাইট।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ঐদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট চলবে।

বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে দেশটির সরকার।

এদিকে চলতি বছর প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজ করতে গিয়ে সৌদি আরবে রেকর্ড মৃত্যু এক হাজার ৩০০ ছাড়িয়েছে। সৌদিতে তীব্র দাবদাহের কারণে ঐ হজযাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 

কোনো ব্যক্তি হজে গিয়ে মারা গেলে সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তিও গ্রাহ্য করা হয় না। এটাই সৌদি আরবের নিয়ম। মক্কায় হজ যাত্রী মারা গেলে নামাজে জানাযা হয় মসজিদুল হারামে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!