ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ যে ৮ সিদ্ধান্ত নিলো উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭, ১২ আগস্ট ২০২৪
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলসহ যে ৮ সিদ্ধান্ত নিলো উপদেষ্টা পরিষদ
ফাইল ফটো

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের নিয়োগ বাতিলসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নতুন ৮টি সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১১ আগস্ট) উপদেষ্টা পরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে।

উপদেষ্টা পরিষদ সূত্রে পাওয়া সিদ্ধান্তগুলো নিচে তুলে ধরা হলো:

১) বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ পর্যায়ক্রমে বাতিল করা হবে। তবে বিতর্কিত নিয়োগগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাতিল করা হবে।

Advertisement

২) পদত্যাগের কারণে শূন্য হওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর পদে শিগগির নিয়োগ করা হবে। ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করতে তিন সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- মুসলিম চৌধুরী, আহসান এইচ মনসুর ও নজরুল ইসলাম।

৩) কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এ জন্য তাদের তালিকা দ্রুত করা হবে। কাজটি সহজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সব হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। সে অনুযায়ী তালিকা করার কাজ এগিয়ে নেয়া হবে।

৪) আন্দোলনে শহিদদের প্রত্যেকের পরিবারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৫) কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার ও সাজা পাওয়া ৫৭ বাংলাদেশির মুক্তির জন্য পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য অবিলম্বে আলোচনা শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের সরকারের সঙ্গে কথা বলবেন।

৬) ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা প্রতিহত করা হবে। প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও তাদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন।

৭) আগামী শনিবার (১৭ আগস্ট) থেকে মেট্রোরেল চালু করা হবে। তবে কাজীপাড়া ও মিরপুর–১০ স্টেশনে ট্রেন থামবে না। এ দুটি স্টেশনের সংস্কার শেষে দ্রুত খুলে দেওয়া হবে।

৮) অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দফতর-কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!