শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন।
এতে বলা হয়েছে, সাধারণ আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি-দাওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে।
.png)
১। ক) সাধারণ আনসারদের তিন বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে।
খ) আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না।
২। সাধারণ আনসারদের প্রতিনিধিসহ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি-দাওয়া পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে সাত কার্য দিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে।
৩। ঐ কমিটির নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির পর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে।
আমরা আশা করি, এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।
এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আনসার সদস্যরা। দাবি আদায়ের লক্ষ্যে এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা কাজে নিয়োজিত বাহিনীটি।