সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশের ডাক সারজিসের
আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সকলের বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ সমাবেশের ঘোষণা দেন। সারজিস আলম লিখেছেন, আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ করা হবে।
এর আগে রোববার রাতে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেন আনসার সদস্যরা। তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান। পরে শিক্ষার্থীরা তাদের ফেলে যাওয়া পোশাকে আগুন ধরিয়ে দেন।
এদিন দুপুর ১২টার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন তারা। তাই সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিলেন না। সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা।
পরে বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে সাত সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দফতরে যান।
ঐ বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আনসার থেকে ‘রেস্ট প্রথা’ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
এরপর আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেয় আনসার। তবে তার কিছুক্ষণ পরই আবারো আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা।
রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।