ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গণমাধ্যমে অভ্যন্তরীণ তথ্য ফাঁস, বিমানের কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ২৭ অক্টোবর ২০২৪
গণমাধ্যমে অভ্যন্তরীণ তথ্য ফাঁস, বিমানের কঠোর নির্দেশনা
বাংলাদেশ বিমান- ফাইল ফটো

পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়াতে তথ্য, মতামত ও বক্তব্য প্রদানের বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কেউ নির্দেশনা বহির্ভূত কাজ করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিভিন্ন গণমাধ্যমে বিমানের নানা দুর্নীতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ হয়েছে। এতে বিমানের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়মিত বক্তব্য দিয়েছেন। অনেকে বিমানের অভ্যন্তরীণ তথ্যও ফাঁস করছেন। বিধি অনুযায়ী বিমানের জনসংযোগ শাখা অথবা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছাড়া কেউ মিডিয়ার সঙ্গে কথা বলতে পারার কথা নয়। এই দুই পক্ষ ছাড়া বিমানের বাকি সবাইকে মিডিয়ার সঙ্গে কথা না বলার জন্য একাধিকবার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি তাদের এ বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে। লিখিত নোটিশটি দেন বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর।

Advertisement

নোটিশে বলা হয়, কর্তৃপক্ষ লক্ষ করছে যে, প্রশাসনিক বিজ্ঞপ্তি নম্বর: ০৪.২০১৯ (তারিখ: ৩০-০৪-২০১৯) যথাযথভাবে অনুসরণ না করে বিমানের কিছু কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় অননুমোদিতভাবে বিমান সম্পর্কিত তথ্য, মতামত অথবা বক্তব্য প্রদান করছেন, যা মোটেই কাম্য নয়। তাই বিমানের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রশাসনিক বিজ্ঞপ্তি নম্বর: ০৪.২০১৯ যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় কর্তৃপক্ষ বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।

বিমানের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের অভ্যন্তরীণ তথ্য মিডিয়ায় সরবরাহের কারণে এরই মধ্যে অনেককে চিহ্নিত করে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!