মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে সাক্ষাতের সময় উপদেষ্টা তাকে এ কথা বলেন। পরে গণমাধ্যমে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, মৃত্যুদণ্ডের বিধান রহিত করা যায় কি না, সে বিষয়ে মি. তুর্ক কথা বলেছেন। এ প্রসঙ্গে আমি বলেছি, এটি বর্তমান বাস্তবতায় সম্ভব না। কারণ, আমাদের পেনাল সিস্টেম ও শত বছরের জাস্টিস সিস্টেমে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যে ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার তরুণ নিহত হয়েছে, তাদের হত্যার বিচারকে সামনে রেখে হঠাৎ মৃত্যুদণ্ডের বিধান বাতিল করার প্রশ্নই আসে না। এছাড়া যে কোনো বড় ধরনের আইনগত পরিবর্তন সমাজ আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে করতে হয়।
.png)
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচারকে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশন আইনগত সংস্কারে জড়িত রয়েছে। এছাড়া ফরেনসিক সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট বা ক্যাপাসিটি বিল্ডিংয়েও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।
ভলকার তুর্ককে আশ্বস্ত করে আইন উপদেষ্টা বলেন, এ ট্রাইব্যুনালে সুবিচার করা হবে। প্রতিশোধ নেয়ার ইচ্ছা থেকে এটি করা হচ্ছে না। অবিচার করার জন্য আগের আদালতে যেরকম হয়েছে, সেরকম অবিচার করা হবে না। এখানে কোনো কিছু লুকানোর নেই। যে কেউ এসে এই বিচার দেখতে পারবেন।
হাইকমিশনারের পক্ষ থেকে দুটি প্রত্যাশার কথা জানানো হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, যার মধ্যে একটি বিচার বিভাগ স্বাধীন করা। এ বিষয়ে তাকে বলেছি, আমরা এ প্রসঙ্গে অবশ্যই কমিটেড। প্রধান বিচারপতি এরই মধ্যে একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। আমরা অবশ্যই এটি নীতিগতভাবে গ্রহণ করি। এর ‘মডালিটিস’ কেমন হবে, সেটা আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। এটি ছাড়াও বিচার বিভাগীয় সংস্কার কমিশন সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে।