ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জেসিও আমিনুলের বক্তব্য নৌবাহিনীর অফিশিয়াল বিবৃতি নয়: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ২৭ ডিসেম্বর ২০২৪
জেসিও আমিনুলের বক্তব্য নৌবাহিনীর অফিশিয়াল বিবৃতি নয়: আইএসপিআর
আইএসপিআর-এর রাউন্ডেল

সচিবালয়ে আগুনের ঘটনায় সাংবাদিকদের দেওয়া নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার (এসসিপিও) আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত। ঐ বক্তব্য বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল বিবৃতি নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বৃহস্পতিবার আইএসপিআর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সচিবালয়ে আগুনের ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১টায় আমিনুল ইসলাম এসসিপিওর (জেসিও) নেতৃত্বে সাত সদস্যের একটি টিম মোতায়েন করা হয়। এ সময় অগ্নিকাণ্ড নিয়ে সাংবাদিকদের কাছে আমিনুল ইসলাম একটি বিবৃতি দেন, যা তার একান্ত ব্যক্তিগত মন্তব্য। ঐ বিবৃতি বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল বিবৃতি নয়।

Advertisement

প্রসঙ্গত, বুধবার রাতে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির কার্যপরিধিতে বলা হয়, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না তা উদ্ঘাটন, এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করতে সুপারিশ প্রেরণ। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

এদিকে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!