কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় বাংলাদেশি হাফেজ নুরুদ্দিনের
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় এই গৌরবময় সাফল্য অর্জন করেন।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর ‘আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসা’র শিক্ষার্থী। প্রতিযোগিতার চতুর্থ শাখায় তাকে পুরো ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা প্রদর্শন করতে হয়। প্রতিটি ধাপে অনন্য মুনশিয়ানা দেখিয়ে বিচারকদের বিচারে শীর্ষ স্থান ছিনিয়ে নেন বাংলাদেশের এই প্রতিনিধি।
.png)
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি ও আন্তর্জাতিক বিচারক প্যানেল দায়িত্ব পালন করেন, যার মধ্যে অন্যতম বিচারক ছিলেন শায়েখ শোয়াইব মোহাম্মাদ আল আযহারী।
এবারের আসরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজীয় মোট ৫০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হচ্ছে। পুরো প্রতিযোগিতার সর্বমোট পুরস্কার মূল্য ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।
সাফল্যের প্রতিক্রিয়ায় হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, পবিত্র কোরআনের বরকতেই তিনি আজ একটি ছোট্ট গ্রাম থেকে মক্কার পবিত্র ভূমিতে পৌঁছাতে পেরেছেন।
মসজিদুল হারামের প্রাঙ্গণে দাঁড়িয়ে বিশ্বসেরা প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং দেশের জন্য সম্মান বয়ে আনাকে নিজের জীবনের অন্যতম সেরা অর্জন বলে মনে করেন তিনি।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে জানা যায়, বিশ্বমঞ্চে তরুণ এই হাফেজের অর্জনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। তাঁর এই অবিস্মরণীয় সাফল্য দেশের কোরআনিক শিক্ষা ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।