ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শিল্পে গ্যাস সরবরাহে সরকারের বড় পরিকল্পনা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিল্পে গ্যাস সরবরাহে সরকারের বড় পরিকল্পনা: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সাময়িক সংকটের সময় শিল্প খাতে যাতে গ্যাসের ঘাটতি না হয়, সে জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে ২০৩০-৩১ সালের মধ্যে ১৫০টি নতুন কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ২ডি ও ৩ডি সাইসমিক সার্ভে পরিচালনার উদ্যোগ রয়েছে। সমুদ্রাঞ্চলের ২৬টি ব্লকেও তেল ও গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্থলভাগে তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে ‘অনশোর মডেল পিএসসি ২০২৬’ প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে ৯৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব।

ভবিষ্যতে গ্যাসের চাহিদা মোকাবেলায় মহেশখালীর কুতুবজোমে একটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়ীতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, কুতুবজোমের টার্মিনাল থেকে ২০২৮ সালে এবং মাতারবাড়ীর টার্মিনাল থেকে ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। ভোলার গ্যাস এলএনজি আকারে এনে শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের প্রাপ্যতা বিবেচনায় অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড ও বিসিকের মতো পরিকল্পিত শিল্পাঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!