ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতিসংঘে প্রথম ভাষণ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রথম ভাষণ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এই সফরে তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর এবারের সফরের মেয়াদ ১২০ ঘণ্টা। ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার পর ২৬ সেপ্টেম্বর রাতে দেশে ফেরার কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে বেশ কিছু কাটছাঁট করা হয়েছে।

Advertisement

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বর আবার অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ড. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন।

এবারের অধিবেশনেই প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর তাঁর বাংলাদেশের জাতীয় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সফরকালে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচিও রয়েছে। তাঁর সফরে বাংলাদেশের বিভিন্ন জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জাতিসংঘের এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। অধিবেশনে বিশ্বনেতারা বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ ও নিজ নিজ দেশের অগ্রাধিকার নিয়ে বক্তব্য দেবেন।

এ সফরের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে তৃতীয়বারের মতো একই পরিবারের সদস্য হিসেবে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে তাঁর বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!