ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিউইয়র্কে তারেক রহমান, ট্রাম্পের সঙ্গে বৈঠক কবে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে তারেক রহমান, ট্রাম্পের সঙ্গে বৈঠক কবে?
সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা থাকলেও এখনো সময় নির্ধারণ করা হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, দুই পক্ষের সুবিধাজনক সময় বিবেচনা করে বৈঠকের সময়সূচি চূড়ান্ত করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

Advertisement

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নেওয়া হয়। সফরকালে সেখানেই তার অবস্থানের কথা রয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে। সকালে জাতিসংঘ মহাসচিব আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন তিনি। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী কার্যক্রমে অন্যান্য বিশ্বনেতার সঙ্গে যোগ দেবেন।

সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারেক রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে এ ধরনের পার্শ্ববৈঠকের সময়সূচি অনেক সময় শেষ মুহূর্তে চূড়ান্ত হয় বলেও তিনি উল্লেখ করেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!