ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

জ্বালানির দাম বাড়ায় অফডক চার্জ বৃদ্ধি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ২২ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম বাড়ায় অফডক চার্জ বৃদ্ধি
সংগৃহীত ছবি

এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো আমদানি-রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার, খালি কনটেইনার ও পরিবহন সেবার চার্জ বাড়িয়েছে চট্টগ্রামের বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) বা অফডকগুলো। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে সর্বশেষ কার্যকর হারের ওপর ৯ দশমিক ৮৫ শতাংশ হারে চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠায় বিকডা। সংগঠনটি জানিয়েছে, একই দিন থেকে নতুন বর্ধিত হার কার্যকর হয়েছে।

Advertisement

বিকডার সার্কুলারে বলা হয়েছে, সরকার ২১ সেপ্টেম্বর থেকে ডিজেলের দাম ১৭ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। এতে বেসরকারি আইসিডিগুলোর জ্বালানিনির্ভর বিভিন্ন সেবায় পরিচালন ব্যয় বেড়েছে। এই ব্যয় সমন্বয়ের জন্য সর্বশেষ পর্যালোচিত হারের ওপর ৯ দশমিক ৮৫ শতাংশ জ্বালানি সারচার্জ আরোপ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বেসরকারি আইসিডিগুলোর রপ্তানি পণ্য ও খালি কনটেইনার হ্যান্ডলিংয়ের সংশোধিত চার্জ কার্যকর হয়। পরে ১৯ এপ্রিলও নতুন ট্যারিফ কার্যকর করা হয়। সর্বশেষ বৃদ্ধির ফলে এক বছরের মধ্যে তিন দফায় অফডক চার্জ বাড়ল।

নতুন হারের আওতায় চট্টগ্রাম বন্দর ও আইসিডির মধ্যে খালি কনটেইনার পরিবহন, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ও আইসিডির মধ্যে খালি কনটেইনার পরিবহন, খালি কনটেইনার ওঠানো-নামানো, রপ্তানি পণ্য কনটেইনারে ভর্তি ও হ্যান্ডলিং, ভেরিফায়েড গ্রস মাস (ভিজিএম) এবং আমদানি পণ্য ডেলিভারি প্যাকেজ চার্জ রয়েছে।

বিকডা জানিয়েছে, রপ্তানি প্যাকেজের মধ্যে খালি কনটেইনার ইয়ার্ডে নেওয়া, সিএফএস শেডে পরিবহন, কনটেইনারে পণ্য ভর্তি, লোড ইয়ার্ডে নেওয়া এবং সেখান থেকে চট্টগ্রাম বন্দর বা পিসিটিতে পরিবহনের মতো সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে আমদানি প্যাকেজের আওতায় বন্দর বা পিসিটি থেকে আইসিডিতে কনটেইনার আনা, আইসিডিতে নামানো, ডেলিভারি ইয়ার্ডে রাখা এবং শ্রমিকদের মাধ্যমে ট্রাক বা অন্যান্য পরিবহনে পণ্য সরবরাহের কার্যক্রম রয়েছে।

চট্টগ্রাম বন্দরের রপ্তানি পণ্যের শতভাগ কনটেইনার হ্যান্ডলিং এবং আমদানির ৬৮ ধরনের পণ্য ডেলিভারি বর্তমানে বেসরকারি আইসিডির মাধ্যমে হয়ে থাকে। ফলে অফডক চার্জ বৃদ্ধির প্রভাব আমদানি-রপ্তানি বাণিজ্যে পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব আলোচনা বা যৌথ বৈঠক ছাড়াই একতরফাভাবে অফডক চার্জ বাড়ানো হয়েছে। তাদের আশঙ্কা, এতে উৎপাদন ও লজিস্টিকস ব্যয় বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, পোশাক খাতের টেকসই অগ্রগতির জন্য বন্দর, অফডক ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় প্রয়োজন। আলোচনা ছাড়া এককভাবে চার্জ নির্ধারণ করা হলে সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হতে পারে। আগের মূল্যে রপ্তানি কার্যক্রম চলার মধ্যে হঠাৎ চার্জ বাড়লে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিচালন ব্যয় সমন্বয়ের জন্য চট্টগ্রাম বন্দরের কাছে চিঠি দিয়েছে বার্থ শিপ হ্যান্ডলিং অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, ২০২২ সাল থেকে গত চার বছরে জ্বালানি তেলের দাম প্রায় ৬৯ শতাংশ বেড়েছে, ফলে তাদের পরিচালন ব্যয়ও বেড়েছে।

তবে বার্থ অপারেটররা সরাসরি চার্জ বাড়ানোর পরিবর্তে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিয়েছে।

বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ডিজেলের দাম বাড়ায় আইসিডিগুলোর পরিচালন ব্যয় সরাসরি বেড়েছে। এ কারণে ডিজেলনির্ভর সেবাগুলোর বিপরীতে বর্ধিত চার্জ কার্যকর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!