ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের
সংগৃহীত ছবি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে চুক্তিটি সই হয়।

Advertisement

চুক্তিতে বিমানের পক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

বোয়িংয়ের তথ্য অনুযায়ী, ১১টি উড়োজাহাজের মধ্যে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮ মডেলের। এর আগে চলতি বছরের এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বিমান। নতুন চুক্তি যুক্ত হওয়ায় বোয়িংয়ের কাছ থেকে বিমানের মোট পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন বলেন, নতুন চুক্তি বিমানের বহর আধুনিকায়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিমানের বহর পরিকল্পনার প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই ক্রয়াদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে দেশের জনগণ, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পর্যটকদের ক্রমবর্ধমান আন্তর্জাতিক যোগাযোগের চাহিদা পূরণে বিমানের নেটওয়ার্ক ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই নতুন উড়োজাহাজ কেনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বোয়িং জানিয়েছে, নতুন ৭৩৭-৮ ও ৭৮৭-১০ উড়োজাহাজ বিমানের বিদ্যমান বোয়িং বহরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে পরিচালন সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে এগুলো বহরের আধুনিকায়ন ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিনও জানিয়েছেন, বাংলাদেশের বিমান চলাচল খাত সম্প্রসারিত হচ্ছে এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা রয়েছে। দেশের প্রয়োজন বিবেচনা করেই নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!