ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৭, ২৫ অক্টোবর ২০২৬
২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল
সংগৃহীত ছবি

প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। শনিবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এদিকে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

চলতি বছরের ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। অধিকাংশ বোর্ডে লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হয়।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

যেভাবে জানা যাবে ফল

পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।

অনলাইনে: শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd এ প্রবেশ করে বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। সেখান থেকে মার্কশিটও সংগ্রহ করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে: প্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে সমন্বিত ওয়েবসাইট থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর ফল একসঙ্গে ডাউনলোড করতে পারবে।

এসএমএসের মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এখানে DHA-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর জায়গায় নিজের রোল নম্বর দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!