নলডাঙ্গায় ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
নাটোরের নলডাঙ্গা ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় চলন্ত পাটবোঝাই ট্রাকটরেকের চাকার নিচে পিষ্ট হয়ে গেদি বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত গেদি বেগম রাজশাহী জেলার দুর্গাপুর থানার পানানগর ইউনিয়নের দেবিলা নারায়ণপুর গ্রামের বাণী ইসরাইলের স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত গেদি বেগম সম্প্রতি তার বেয়াই বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্বজনদের সঙ্গে বেড়ানো শেষে তিনি দুর্গাপুরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশে বের হন। পথিমধ্যে তাদের বহনকারী যাত্রীবোঝাই ভ্যানটি রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন দিক থেকে আসা আরেকটি ভ্যান এসে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন তিনি। ঠিক সে মুহূর্তেই পাশ দিয়ে যাওয়া একটি ডিজেল ইঞ্জিন চালিত পাটবোঝাই ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হন গেদি বেগম। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দুটি ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারী রাস্তায় পড়ে গেলে পাশ দিয়ে যাওয়া গাড়ির চাকার নিচে পিষ্ট হন। আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় ও পারিবারিক ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।