হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬
গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় ১ হাজার ৩৮৮ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। আর হামের রোগীর ছিল ৭৮ জন। সব মিলিয়ে এক দিনে ১ হাজার ৪৬৬ জন রোগী হামে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৫৫২ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪৭৮ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।
চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। দেশের ইতিহাসে হামে এত সংক্রমণ ও মৃত্যুর নজির নেই।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৮১ জন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ৩১১। এ ছাড়া সিলেট বিভাগে ১৫৭, বরিশালে ১৩৪, খুলনায় ১২২, ময়মনসিংহে ৮৮, রংপুরে ৬৩ এবং রাজশাহী বিভাগে ৩২ জন রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরের শুরু থেকেই দেশের হামের প্রকোপ শুরু হয়। কিন্তু সরকার তখন রোগ কমানোর কোনো উদ্যোগ নেয়নি। মার্চ মাসে হামের ব্যাপক প্রকোপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে মাসব্যাপী হামের টিকা দেওয়া শুরু হয়। কিন্তু পরে দেখা যায় ৪০ লাখ শিশু বাদ পড়ে গেছে। এরপর হামের নিয়ন্ত্রণও আর হয়নি।
বাংলাদেশের এবারের ব্যাপক সংক্রমণের পেছনে আছে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে টিকাদানে ব্যর্থতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফও একাধিকবার অন্তর্বর্তী সরকারের গাফিলতির সমালোচনা করেছে।