সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। দেশে কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে আইজিপিকে এসব কথা বলতে শোনা যায়।
চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, সুখে-শান্তিতে বসবাসের জন্য পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতার অর্থ এই নয় যে, যে কেউ যা ইচ্ছা তা করতে পারবেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইজিপি বলেন, তিনি কবে দেশে ফিরবেন, সেটি পুলিশের বিষয় নয়। তবে দেশে কেউ কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, সব বিষয়ে পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়। সংবিধান অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালন করতে দিতে হবে। পুলিশের কোনো সদস্য অপরাধ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে তখন প্রশ্ন তোলা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ ও অনিয়মের প্রতিকার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান আইজিপি।
এ সময় পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি। আইজিপি জানান, গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।