ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পদ্মায় অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদেএলাকাবাসীর মানববন্ধন

ঈশ্বরদী( পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ২৬ অক্টোবর ২০২৬
পদ্মায় অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদেএলাকাবাসীর মানববন্ধন
ছবি - ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। তাঁদের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীভাঙন রোধে নির্মিত বাঁধ, চরাঞ্চলের ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ‘সচেতন ও সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে। প্রশাসনের নাকের ডগায় রাতের আঁধারে প্রভাবশালী একটি চক্র এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘নদীপথের রাজা’ হিসেবে পরিচিত কাকন বাহিনীর লোকজন দীর্ঘদিন ধরে নির্ধারিত এলাকার বাইরে কয়েকটি পয়েন্ট থেকে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। সম্প্রতি সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের আশপাশে শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে পদ্মা নদীর দুটি পয়েন্টে গিয়ে দেখা যায়, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম ট্রলারে রাখা হয়েছে। এদিকে ঘাটে থাকা বালুভর্তি ট্রলার থেকে বালু বিক্রি শেষে সেটি পরিষ্কার করছিলেন শ্রমিকেরা। এ বিষয়ে জানতে চাইলে তাঁরা কিছু জানেন না বলে সেখান থেকে সরে যান।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। তাঁরা বলেন, রাত ১০টার পর থেকে ড্রেজারের শব্দ শুরু হয়। প্রতিদিন এভাবে বালু উত্তোলনের ফলে নদীতে গভীরতা তৈরি হচ্ছে এবং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। কয়েকটি পয়েন্টে সারা রাত ড্রেজার চলায় শব্দে ঘুমানোও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও হুমকির মুখে রয়েছে।
বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!