ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
গোপালগঞ্জ এমপির বাড়িতে আগুন দিল আ’ লীগ-ছাত্রলীগ
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
একই দিন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় তারা থানার কিছু অংশে আগুন দেন।
প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরে থানার ভেতরে পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধর করেন তারা।
একটি ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। একপর্যায়ে ওই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যেতে দেখা যায় তাদের। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে গালাগাল করতেও শোনা যায়। পরে পুলিশ সদস্যদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এর আগে এলাকায় দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।