ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:২৫, ২৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১ জন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০০ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকার তিনজন, চট্টগ্রামের একজন, নওগাঁর একজন, খুলনার তিনজন এবং বাগেরহাটের তিনজন রোগী রয়েছেন।

এর আগে, ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল গত ৬ ও ১৫ অক্টোবর। এ দুদিন মশাবাহিত রোগটিতে ১০ জন করে মারা গেয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৮৯৯ জন, ময়মনসিংহ বিভাগের ৯৭ জন, চট্টগ্রাম বিভাগের ২৪১  জন, খুলনা বিভাগের ২৫০ জন, রাজশাহী বিভাগের ২২৯ জন, রংপুর বিভাগের ১১২ জন, বরিশাল বিভাগের ২১৭ জন এবং সিলেট বিভাগের ২৬ জন। 

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে বুধবার পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। তাদের মধ্যে ১ লাখ ২২ হাজার ৪২২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ৬ হাজার ৪১৫ জন। 

গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!