ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ৪ নভেম্বর ২০২৬
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ
ছবি: সংগৃহীত

সচিবালয়ে প্রবেশ ও অবস্থানের সময় কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওটিপির মাধ্যমে দর্শনার্থীরা প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পরিচয়পত্র দৃশ্যমান রাখা জরুরি।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে কয়েকটি নির্দেশনা জারি করা হয়। এতে সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের দিন বাইরের দপ্তরের সঙ্গে সভা সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে ২টা নির্ধারণ, সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়া এবং ছুটিতে থাকা কর্মকর্তাদের অনুপস্থিতির সময়ে ওটিপি সুবিধা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!