জিয়াউর রহমানের মাজারে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং।
বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে যায়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান চীনা প্রতিনিধিদলের সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন লিউ হাইশিং। পরে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান।
এ সময় সংক্ষিপ্ত স্মারক বইয়ে স্বাক্ষর করেন লিউ হাইশিং। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি এবং যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ অনেকে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য জানান।