নৌপ্রধানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল বীরেন্দার সিং ধানোয়া নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার বনানীর নৌ সদর দফতরের তারা এই সাক্ষাতে মিলিত হন। এর আগে ভারতীয় বিমান বাহিনী প্রধান নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।
তিনি জানান, সাক্ষাতের সময় নৌবাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় বাংলাদেশ সফরের জন্য এয়ার চীফ মার্শাল বীরেন্দার সিং ধানোয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স এ্যাটাশে, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাটাশে, নৌ সদরের পিএসওরা ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ।
উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনী প্রধান পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার বাংলাদেশে আসেন।
ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে