ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

মাশরাফির বাড়ি পোড়ানো প্রসঙ্গে নাহিদ ইসলামকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ১৭ মে ২০২৬
মাশরাফির বাড়ি পোড়ানো প্রসঙ্গে নাহিদ ইসলামকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টের পর মাশরাফির নড়াইলের বাড়িটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আর মাশরাফি এই বিষয়টি মেনে নিতে পারেননি। ওইসময়ই তিনি তার বাবার উদ্দেশে বলেছিলেন, “আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ো না।” 

সম্প্রতি সেই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয় তিনি বলেছেন, “মাশরাফির বাড়িঘর যারা পুড়িয়েছে, তারা জুলাই বিপ্লবের সূর্যসন্তান।”

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “মাশরাফির বাড়িঘর যারা পুড়িয়েছে, তারা জুলাই বিপ্লবের সূর্যসন্তান” শীর্ষক কোনো মন্তব্য নাহিদ ইসলাম করেননি। প্রকৃতপক্ষে, তাকে জড়িয়ে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এই ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।

Advertisement

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। এছাড়া, নাহিদ ইসলামের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Daily Mollar Desh” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত। পেজটি গত ১৪ যে একটি ফটোকার্ড আকারে দাবিটি প্রচার করে, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর অ্যাবাউট সেকশনে পেজটিকে স্যাটায়ার/প্যারোডি পেজ হিসেবে উল্লেখ করা হয়েছে। পেজটিতে পূর্বেও এ ধরনের একাধিক তথ্য-প্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট (১, ২,৩) প্রকাশ করা হয়েছে।

এছাড়া নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ ধরনের বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

সুতরাং, নাহিদ ইসলাম “মাশরাফির বাড়িঘর যারা পুড়িয়েছে, তারা জুলাই বিপ্লবের সূর্যসন্তান” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!