আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’ হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার মতে, দলটিকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে আওয়ামী লীগ পুনর্গঠনের মাধ্যমে আবার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।
.png)
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে যে ধরনের অনুমান করা হচ্ছে, তা সঠিক নয়। ভারতের ওপর চাপ তৈরির কৌশল হিসেবে প্রত্যর্পণের দাবি তোলা হয়নি বলেও জানান তিনি। তবে ভারত সরকারের সঙ্গে বিষয়টি শর্ত হিসেবে আলোচনা করা হয়েছিল এবং তা গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা মামলার বিচারপ্রক্রিয়া মোকাবিলা করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, তার আপিলের সুযোগও আর নেই বলে জানান তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত অন্তত শেখ হাসিনা যেন এ ধরনের কর্মকাণ্ড চালাতে না পারেন, ভারত সরকারের কাছ থেকে বাংলাদেশ সে ধরনের পদক্ষেপ প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে ভারত চাইলে তাৎক্ষণিকভাবে একটি পদক্ষেপ নিতে পারে। সেটি হলো শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কোনো দ্বিধা নেই। ভারত সরকারের বর্তমান অবস্থানকে সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি।