ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: স্বাস্থ্য কর্মকর্তার পোস্ট ভাইরাল

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩০, ২১ অক্টোবর ২০২৬
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: স্বাস্থ্য কর্মকর্তার পোস্ট ভাইরাল
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান। তার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা। এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ডা. মিজানুর রহমান লেখেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’ তার এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। পরে পোস্টটি তার ফেসবুক টাইমলাইন থেকে মুছে ফেলা হয় অথবা এর গোপনীয়তা পরিবর্তন করা হয়।

এ ঘটনায় সাতক্ষীরা ও তালা উপজেলার সাংবাদিক সংগঠনগুলোর নেতারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

তাদের মতে, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। এমন একটি পেশাজীবী গোষ্ঠীকে লক্ষ্য করে এ ধরনের মন্তব্য দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে কাম্য নয়।

স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বলেন, এ মন্তব্য সাংবাদিক সমাজকে হেয় করার শামিল। সরকারি কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ডা. মিজানুর রহমানের আরও সতর্ক ও দায়িত্বশীল থাকা উচিত। তারা এ মন্তব্যের জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, ‘একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে কখনো এমন লিখতে পারেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলা স্বাস্থ্য বিভাগেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে পেশাগত দায়িত্বশীলতা ও সংযম বজায় রাখা প্রয়োজন।

এদিকে, পোস্টের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!