ফেক নিউজের চ্যালেঞ্জ বিশ্বজুড়ে, সমাধানে ভারসাম্য জরুরি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেই ফেক নিউজ, প্রেক্ষাপটবিহীন সংবাদ ও বিকৃত তথ্য নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, মানুষের সুরক্ষা এবং মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ নিয়ন্ত্রণে সাইবার নিরাপত্তা আইনসহ প্রাসঙ্গিক আইনি কাঠামোর মাধ্যমে কাজ চলছে। তবে এ ক্ষেত্রে সংবাদ নিয়ন্ত্রণ ও মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।
বুধবার রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ফেক নিউজ নিয়ন্ত্রণের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা চলছে। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। কীভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, ফেক নিউজ, প্রেক্ষাপটবিহীন সংবাদ ও বিকৃত তথ্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বব্যাপী সমস্যা। এ ক্ষেত্রে আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা প্রয়োজন। তাই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখেই কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আন্দালিব রহমান পার্থ বলেন, খুব শিগগিরই এ বিষয়ে একটি পরিণত অবস্থানে পৌঁছানো সম্ভব হবে।
ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জাতীয়তাবাদী সরকার সহমত ও সহাবস্থানে বিশ্বাস করে। বাংলাদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে একই ছাদের নিচে বসবাস করবেন- সরকার এমন পরিবেশ নিশ্চিত করতে চায়।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবসহ সব ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে তথ্যমন্ত্রী ভোলা শহরের বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্পা মাহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোডের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।