ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের তৎপরতা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৪, ২১ অক্টোবর ২০২৬
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের তৎপরতা
ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

প্রায় ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। মিছিলে ২০ থেকে ৩০ জন অংশ নেন বলে জানা গেছে। এতে নেতৃত্ব দেন ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি।

মিছিলের ব্যানারে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে কথিত ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় প্রত্যাখ্যানের কথাও উল্লেখ করা হয়।

ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘হাসিনা, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সাদ্দাম ভাই ও ইনান ভাই, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে’, ‘শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

মিছিলের আগে দেওয়া বক্তব্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি বলেন, আজকে শেখ হাসিনার জন্য বাংলাদেশ নয়, বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা শেখ হাসিনাকে আবার আনব, আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখার পর এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!