ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

তিন দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ২৫ অক্টোবর ২০২৬
তিন দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
ছবি: সংগৃহীত

সাইবার হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও চালু করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটটি পুনরায় সচল করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার থেকে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল। সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনার পর এটি আবার চালু করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা এবং সম্ভাব্য দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ করছেন সংশ্লিষ্ট প্রযুক্তিবিদরা। একই ধরনের নিরাপত্তা উদ্বেগে পিএইচপিভিত্তিক কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, পিএইচপির শনাক্ত হওয়া নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা নির্দিষ্ট পরিস্থিতিতে পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করতে পারে। এতে সার্ভারে সংরক্ষিত ফাইল, ডেটাবেজসহ গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।

এ ধরনের নিরাপত্তাঝুঁকির কারণে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতায় থাকা প্রায় ৩৬ হাজার ৫০০টি ওয়েবসাইট পিএইচপি প্রযুক্তিতে তৈরি নয়। ফলে পিএইচপির এই নির্দিষ্ট নিরাপত্তা ত্রুটির কারণে সেগুলো সরাসরি ঝুঁকিতে পড়ার কথা নয়।

অন্যদিকে, বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা বিজিডি ই-গভ সার্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পিএইচপির ব্যবহৃত সংস্করণ যাচাই, প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ এবং ঝুঁকি বিবেচনায় সার্ভারে প্রবেশাধিকার সীমিত রাখার পরামর্শ দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!