বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামজার বাংলাদেশের পাসপোর্ট ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। ক্লাব ব্যস্ততায় সংগ্রহে সময় লাগছে।
বর্তমানে লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা একাধিকবার বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছে পোষণ করেছেন। ইংল্যান্ডে জন্ম নেয়া হামজা চৌধুরী এর আগে তার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে আবগেঘন নানা কথা বলেছিলেন। সেই সূত্র ধরেই খেলার আশা এবং পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়।
.png)
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে খেলছেন। ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে। এর আগে ধারে খেলেছিলেন ওয়াটফোর্ডে।
২০২২ সালের অক্টোবরে স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলা হামজা চৌধুরী। সেটি বাস্তবায়ন হতে বেশ কয়েক বছর লেগে গেল। তবে দলে যোগ না দেওয়া পর্যন্ত সেই অপেক্ষার অবসান হবে না।
ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা হামজা চৌধুরীর জন্ম দেশটির লাফবরোতে। তার নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। ছোটবেলায় এই দেশের আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বেড়াতে এসেছেন তিনি। ২৬ বছর বয়সি এই ফুটবলারের মূল দায়িত্ব নিজের দলের দুর্গ রক্ষা করা।
ট্রান্সফার মার্কেট অনুযায়ী, বর্তমানে হামজার বাজার মূল্য রয়েছে ৪ দশমিক ৫০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় সেটি ৫৩ কোটি ৪৯ লাখ টাকার ওপরে। লেস্টারের হয়ে এখন পর্যন্ত দুটি শিরোপা জিতেছেন হামজা। ২০২১ সালে জিতেছেন ইংলিশ এফএ কাপ এবং ২০২২ সালে জিতেছেন ইংলিশ সুপার কাপ।