এখন থেকে ফ্রি পরিবহন সেবা পাবেন হজযাত্রীরা
এখন থেকে হজ ও ওমরাযাত্রীরা বিশেষ সেবার অংশ হিসেবে ফ্রি পরিবহন সেবা পাবেন। সৌদি আরবের জেদ্দা থেকে মক্কাগামী হজ ও ওমরাহ-যাত্রীরা এ সেবা গ্রহণ করতে পারবেন।
জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ গত রোববার (১২ জানুয়ারি) এক টুইট বার্তায় এ তথ্য জানায়।
এতে বলা হয়, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের এক নম্বর টার্মিনাল থেকে মক্কার মসজিদুল হারাম পর্যন্ত বিনা মূল্যে পরিবহন সেবা পাবেন হজ ও ওমরাহ-যাত্রীরা।
.png)
ফ্রি পরিবহন সেবা পেতে ইহরামের কাপড় পরা অবস্থায় হজ-ওমরাহ-যাত্রীদের (সৌদি নাগরিকদের ক্ষেত্রে) এনআইডি কার্ড বা (বিদেশিদের ক্ষেত্রে) পাসপোর্ট দেখাতে হবে। প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি দুই ঘণ্টা পর পর বাস ছাড়বে।
২০২১ সালে মক্কা থেকে মদিনার উদ্দেশে দ্রুতগামী হারামাইন ট্রেন পুরোপুরি চালু হয়। ৬০ বিলিয়ন সৌদি রিয়াল বা ১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মেগা প্রকল্পটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম রেলপথ। এই ট্রেনে প্রতিবছর ছয় কোটি যাত্রী পরিবহন করতে পারবেন।
জেদ্দা কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি (কেএইসি) রুটেও হারামাইন ট্রেন চলাচল করে।
এদিকে, গত সপ্তাহে করোনাভাইরাসের বিধিনিষেধ উঠিয়ে দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়।
গত বছরের তুলনায় হজ প্যাকেজের মূল্য ৩০ শতাংশ কমানোর তথ্যও জানিয়েছেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ।
উল্লেখ্য, প্রতি বছর সৌদি আরবের পবিত্র মক্কায় ২৫ লাখ মানুষ হজ পালন করেন। কিন্তু করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে এ সংখ্যা ২০২০ সালে কয়েক হাজারে নামিয়ে নিয়ে আসা হয়। ২০২১ সালে সৌদির ভেতর অবস্থানরত ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান। আর গত বছর বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পেয়েছিলেন।
সূত্র : সৌদি গেজেট, আল আরাবিয়া ও গালফ নিউজ।