অর্ধেক ফুসফুস নিয়ে খেলে যাচ্ছেন ব্রড
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিনের খেলা চলাকালীন সময়ে মাঠের মধ্যেই ইনহেলার নেন ইংলিশ ফাস্ট বলার স্টুয়ার্ট ব্রড। হঠাৎ এই ক্রিকেটারকে ইনহেলার নিতে দেখে টেলিভিশনের দর্শকরা অনেকেই অবাক হয়েছেন। তবে ব্রডের এই অবস্থার পিছনে রয়েছে করুণ এক কাহিনী।
ব্রডের ফুসফুসের অর্ধেকই কাজ করে না। অর্থাৎ অর্ধেক ফুসফুস নিয়ে বেঁচে আছেন ও খেলে যাচ্ছেন এই ফাস্ট বোলার। এরইমধ্যে টেস্ট ফরম্যাটে তিনি শিকার করেছেন পাঁচ শতাধিক উইকেট। বছর চারেক আগে এক সাক্ষাৎকারে নিজের ফুসফুসের বিষয়টি জানিয়েছিলেন তিনি।
ব্রড সেই সাক্ষাৎকারে বলেছিলেন, বলতে পারেন আমি মৃত্যুর দরজা থেকে ফিরেছি। আমি নির্ধারিত সময়ের তিন মাস আগেই জন্মেছিলাম। ফলে আমার ফুসফুসের অর্ধেক অংশ কখনোই পুরোপুরি কার্যকর হয়নি। সে কারণে আমি অনেক আগে থেকেই অ্যাজমাতে ভুগছি এবং সব সময় আমাকে ইনহেলার ব্যবহার করতে হয়।
.png)
একজন ফাস্ট বোলারের জন্য দম রেখে খেলা অনেক কঠিন এক ব্যাপার। সেখানে অর্ধেক ফুসফুস নিয়েও ব্রডের ১৪ বছর ধরে দাপটের সঙ্গে ইংল্যান্ড দলে ক্রিকেট খেলার গল্প শুনে তার সতীর্থরাও চমকে গিয়েছিলেন।
এ প্রসঙ্গে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই পেসার বলেন, আমি আমার অর্ধেক ফুসফুসের কথা বলতেই সবাই একদম হতভম্ব হয়ে গিয়েছিল। মূলত তিন মাস আগে জন্ম নেয়ার কারণেই আমার এই সমস্যা। তবে আমার ক্রিকেটার হয়ে ওঠার পথে ফুসফুস কখনো সমস্যা হয়ে দাঁড়ায়নি। যে কারো জন্যই এটা চমকে যাওয়ার মতো একটা তথ্য।