নিউক্যাসলকে হারিয়ে ম্যান সিটির জয়ের নতুন রেকর্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শিরোপা নিশ্চিতের পর শুক্রবার প্রথম মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ক্ষণে ক্ষণে রঙ বদলানো ম্যাচে হোঁচট খাওয়ার শঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত হাসি মুখেই মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। ফলে লিগে প্রতিপক্ষের মাঠে টানা জয়ের নতুন রেকর্ড গড়েছে সিটিজেনরা।
শুক্রবার রাতে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো লিগ ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতেছে ম্যান সিটি। লিগে প্রতিপক্ষের মাঠে এটি সিটির টানা দ্বাদশ জয়। অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের আগের রেকর্ডটি ২০০৮ সালে প্রথম গড়েছিল চেলসি। এরপর ২০১৭ সালে সিটি সেটা স্পর্শ করলেও ভাঙতে পারেনি। তবে চার মৌসুম পর ঠিকই নতুন কীর্তি গড়ল তারা।
নিউক্যাসলের খেলোয়াড়দের ‘গার্ড অব অনারে’ মাঠে নামা সিটি শুরু থেকেই বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য বিস্তার করে। কিন্তু খেলার ধারার বিপরীতে ২৫তম মিনিটে উল্টো গোল খেয়ে বসে দলটি। কর্নারে জোরালো হেডে বল জালে পাঠান সুইডেনের ডিফেন্ডার এমিল ক্রাফথ।
.png)
৩৯তম মিনিটে অনেকটা ভাগ্যের জোরে সমতায় ফেরে সিটি। জোয়াও কানসেলোর শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। প্রথমার্ধে ৮০ শতাংশের ওপর বল দখলে রাখা সিটি এগিয়ে যায় তিন মিনিট পর। এবার ইকাই গুন্দোগানের ফ্রি কিকে লাফিয়ে দারুণভাবে ফ্লিক করে স্কোরশিটে নাম তোলেন তরেস।
পাল্টা আক্রমণে মাঝেমধ্যেই ভীতি ছড়ানো নিউক্যাসল বিরতির ঠিক আগে জোয়েলিন্তনের সফল স্পট কিকে সমতা টানে। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টিটি পায় তারা।
ম্যাচের ৬২তম মিনিটে নিউক্যাসলকে এগিয়ে নেন জো উইলক। তার স্পট কিক গোলরক্ষক স্কট কার্সন রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল ছুটে গিয়ে জালে পাঠান তরুণ এই মিডফিল্ডার।
নিউক্যাসলের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি। পরপর দুই মিনিটে দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তরেস। বাকি সময় আর তেমন ভীতি ছড়াতে পারেনি পুরো ম্যাচে মাত্র ১৭ শতাংশ সময় বল দখলে রেখেও প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখা নিউক্যাসল।
৩৬ ম্যাচে ২৬ জয় ও পাঁচ ড্রয়ে লিগ শিরোপাধারীদের পয়েন্ট হলো ৮৩। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে লেস্টার সিটি। চার নম্বরে চেলসির পয়েন্ট ৬৪। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নিউক্যাসল।