তার আসল নাম মোহাম্মদ আবু তাহের। পেশায় একজন রিক্সাচালক। তবে এখন এমন অবস্থা, আসল নামের বদলে তাকে মেসি নামেই সবাই চেনে। আর্জেন্টিনা ও মেসির অন্যরকম এই সমর্থকের দেখা মিলেছে ঢাকায়। নিজের রিক্সা পুরোটাই সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। আর রিক্সার পেছনে আছে পোস্টার, যেখানে মেসির সাথে আছে তার ছবিও।
আবু তাহেরের নাম কীভাবে মেসি হলো তা জানাতে গিয়ে তিনি বলেন, আমি নামের সাথে মেসি যোগ দেই নাই। পোস্টার বানাইতে দিছিলাম, ঐ লোকে বসায়ে দিছে। নামের সাথে এক সাইডে মেসি লিখতে বলছিলাম, সে একটানে মিলায়ে দিছে। তারপর থেকে যেখানে যাই সেখানেই আমার নাম মেসি। দেশ-গ্রামে গেলেও সবাই মেসি বলে ডাকে। এখন আসল নাম হারায়ে ফেলছি। মেসি ছাড়া কেউ ডাকেই না।
.png)
আবু তাহেরের মাথায় আর্জেন্টিনার রঙে রিক্সা সাজানোর ভাবনা প্রথম আসে ২০১৮ বিশ্বকাপের আগে। সেবার বাছাইপর্বে একসময় আর্জেন্টিনার উত্তীর্ণ হওয়া নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। তখনই আবু তাহেরের মাথায় এমন চিন্তা আসে।
এ বিষয়ে তিনি বলেন, বিশ্বকাপ বাছাইপর্বের সময় আর্জেন্টিনার টিকে থাকা নিয়ে শঙ্কা দেখা দেয়। তখনই ঠিক করি, আর্জেন্টিনা বিশ্বকাপে সুযোগ পেলে কিছু একটা করবো। তারপর এই কাজ। গত তিন বছরে তিনটি রিক্সাকে এভাবে আর্জেন্টিনার পতাকার রঙে সাজাইছি।
এই রিক্সাচালক আরো বলেন, পলিথিন কাইটা আমি আর্জেন্টিনার কালার লাগাইছি। বৃষ্টি থেকে ঢাকার রেক্সিনও আকাশী-সাদা রঙের। কখনো খরচের হিসাব করি না। যা যায় যাক, এটা দিয়ে আনন্দ হয়। করতে ভালো লাগে, মজা লাগে। আসলে এটা করে কষ্ট জিনিসটা ভুলে যাই। পরিশ্রম ঠিকই করি। তবে এটা থাকায় সেই পরিশ্রম গায়ে লাগে না।
মেসিভক্ত হলেও আর্জেন্টিনা সম্পর্কে খুব বেশি কিছু জানেন না আবু তাহের। সমর্থন শুরুর ইতিহাসের কথা জানাতে গিয়ে তিনি বলেন, আর্জেন্টিনা সম্পর্কে আমি শুধু ফুটবলেই জানি। আর কিছু জানি না। দ্যাশটা কোন জায়গায় তাও আমি কিছু জানি না। শুধু জানি ফুটবল খেলে। ম্যারাডোনা, মেসি এটুকুই।
আবু তাহের যোগ করেন, আমার প্রথম ভালো লাগছে ম্যারাডোনারে। উনি যাওয়ার পরে মেসিরে ভালো লাগে। সাথে তো ডি মারিয়া আছে, আগুয়েরো আছে। হিগুয়েন আছিলো, অবসর নিছে গা। মেসির সব খেলা দেখি। জাতীয় দলের খেলাও দেখি, ক্লাবে যে খেলে হেইডাও দেখি। কোনো খেলা মিস দেই না।
আর্জেন্টাইন ভক্তদের কাছে আবু তাহের বেশ জনপ্রিয়। অন্যদিকে ব্রাজিলের সমর্থকরা তাকে ক্ষেপাতে ভোলেন না। সেই কথা জানাতে গিয়ে তিনি বলেন, আর্জেন্টিনার সাপোর্টার যারা তারা তো আমার রিক্সা দেখলেই পুরা আনন্দ পায়। আইয়া বুক মিলাইবো, ছবি তুলবো। আর ব্রাজিলের সাপোর্টাররা কয়, কাপ আর দেখা লাগতো না। আমি কোনো উত্তর দেই না। বলি যে বিশ্বকাপ লাগবো না, খেলা ভালো হইলেই হবো।
দীর্ঘদিন ধরে কোনো শিরোপা জেতেনি আর্জেন্টিনা। তবে আবু তাহের বিশ্বাস করেন, আগামী বিশ্বকাপে ভালো করবে দলটি। তার কথায়, আশা তো করে আছি ম্যালাদিন ধইরা। ৩০-৩৫ বছর ধইরা। কিন্তু এহন আশা নাই। ১৪ সালে একটা আশা আছিলো, হইলো না জিনিসটা। আগামী বিশ্বকাপে ইনশা আল্লাহ আমি আশায় আছি ভালো কিছু কইরা দেখাবো।
সুযোগ পেলে কোনো একদিন মেসিকে সামনে থেকে দেখার আশা করেন তাহের। তিনি বলেন, যদি আমার নিজের সামর্থ্য থাকতো তাহলে রিক্সা থুইয়া আমি হের লগে দেখা করতে যাইতাম। যদি কোনো সময় বাংলাদেশে আসে তখন দেখতে পারমু।