উইম্বলডন কর্তৃপক্ষ মনে করছেন, কমপক্ষে দুটো ম্যাচে জুয়াড়িদের নজর ছিল। এক জার্মান সংবাদপত্র জানিয়েছে, একটি সিঙ্গলসের ম্যাচ এবং একটি ডাবলসের ম্যাচ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় একাধিক জুয়াড়ির নজর ছিল। তবে সেই জুয়া কী পদ্ধতিতে হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
পুরুষদের ডাবলস প্রতিযোগিতায় প্রথম পর্বের একটি ম্যাচ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জল্পনা ছিল, সেই ম্যাচে যে জুটির ওপর জয়ের আশা সব চেয়ে বেশি ছিল, তারা হেরে যাবেন। সেই জুটি প্রথম সেটে জয় পায়। দর বাড়তে থাকে। তবে পরের দুই সেটে ম্যাচ হেরে যায় তারা। এতে তাদের হার নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
.png)
সিঙ্গলসের যে ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেটিও প্রথম পর্বের একটি ম্যাচ। সেই ম্যাচে এক জার্মান টেনিস খেলোয়াড় ছিলেন বলে জানা গেছে। তবে তাকে নিয়ে নয়, সন্দেহ তার প্রতিপক্ষকে নিয়ে। সেই ম্যাচের ফলাফল এবং সার্ভিসের সংখ্যার ওপর বাজি ধরা হয়েছিল। দুটো ক্ষেত্রেই সেই সংখ্যা মিলে গেছে।
আন্তর্জাতিক টেনিস সংস্থার পক্ষ থেকে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্ত শেষ না হলে কোনো রকম তথ্যই সামনে আনবে না তারা। এপ্রিল থেকে জুনের মধ্যে ১১টি ম্যাচে গড়াপেটার অভিযোগ উঠেছে বলে জানায় ওই সংস্থা।