ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাত বছর পর ফের চেলসিতে লুকাকু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৬, ১৩ আগস্ট ২০২১
সাত বছর পর ফের চেলসিতে লুকাকু
রোমেলু লুকাকু

সাত বছর পর আবারো বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল চেলসি। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে তাকে নিতে নিজেদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েছে ব্লুজরা।

বৃহস্পতিবার রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে লুকাকুকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে চেলসি। তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে টমাস টুখেলের দল।

অবশ্য বিবৃতিতে লুকাকুর জন্য ঠিক কী পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে তা জানায়নি চেলসি। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে, তার ট্রান্সফার ফির পরিমাণ ৯৭.৫ মিলিয়ন পাউন্ড।

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে লুকাকুর চেয়ে দামি ফুটবলার আছেন মাত্র একজন। গত সপ্তাহে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে দলে টানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এটাই বর্তমান রেকর্ড।

চেলসিতে আবারো যোগ দিয়ে ২৮ বছর বয়সী লুকাকু বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, এই অসাধারণ ক্লাবে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত ও ধন্য। আমাকে অনেক লম্বা একটি পথ পাড়ি দিতে হয়েছে।

তিনি আরো বলেন, আমি যখন এখানে প্রথমবার এসেছিলাম, তখন একেবারেই তরুণ ছিলাম। সে সময় আমার অনেক কিছু শেখার ছিল। আর এবার আমি অভিজ্ঞ ও পরিপক্ব হয়ে ফিরেছি।

সবশেষ মৌসুমে ইন্টারকে ইতালিয়ান সিরি আর শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লুকাকু। লিগে ২৪ গোল করেন তিনি। সতীর্থদের দিয়ে করান আরো ১১ গোল। এমন অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হন এই ফরোয়ার্ড।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!