ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আফগানিস্তানে যেমন আছে রশিদ খানের পরিবার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ১৯ আগস্ট ২০২১
আফগানিস্তানে যেমন আছে রশিদ খানের পরিবার
রশিদ খান

দ্য হান্ড্রেডে খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন রশিদ খান। সেখানে বসেই আফগানিস্তানে অবস্থানরত নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবে কিছুদিন আগে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন রশিদ। তবে আফগানিস্তানের সাবেক ব্যাটিং কোচ উমেশ পাটওয়াল জানিয়েছেন, রশিদ খানের পরিবার সহ অন্যান্য ক্রিকেটাররা সবাই নিরাপদে আছেন।

সম্প্রতি আফগানিস্তানে ক্ষমতার পালাবদল হয়েছে। তালেবান বাহিনী প্রায় সম্পূর্ণ দেশ আয়ত্ত্বে নেয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গণি। এরপর প্রেসিডেন্ট ভবনসহ রাজধানী কাবুলও দখল করে নেয় তালেবানরা। দেশের এমন অস্থিতিশীল অবস্থায় সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনকে দুশ্চিন্তার কথা জানান রশিদ।

পরবর্তীতে পিটারসেনের সুবাদে তা পুরো বিশ্ব জেনে যায়। সাবেক এই ক্রিকেটারের কাছে নিজের দুশ্চিন্তার খবর জানানোর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়ে বার্তা দেন রশিদ ও মোহাম্মদ নবী। দেশকে বাঁচাতে বিশ্ব নেতাদের সাহায্য প্রার্থনা করেছিলেন তারা। 

পোস্টে রশিদের চাওয়া ছিল, দেশে শান্তি ফিরে আসুক। তালেবান দখল নেয়ার পরেই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিয়েছে। বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, পরদিনই সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে। কিন্তু কিছু মানুষ এখনো শঙ্কিত আছে।

আফগানিস্তানের এমন পরিস্থিতিতে সাবেক শিষ্যদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন উমেশ। ফলে রশিদ, নবী, সামিউল্লাহ শিনওয়ারি, হজরতউল্লাহ জাজাইয়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। জানতে চান আফগানিস্তানে তাদের পরিবার কেমন আছে। 

আফগানিস্তান ক্রিকেট দলের এই চার ক্রিকেটারই উমেশকে জানিয়েছেন, তাদের পরিবার সম্পূর্ণ নিরাপদে আছে। ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এ ব্যাপারে উমেশ বলেন, সামিউল্লাহ শিনওয়ারি, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী ও রশিদ খানের সঙ্গে আমি কথা বলেছি। কারো পরিবারেই আতঙ্ক নেই। সবাই নিরাপদে আছে। আমিও এক সময় কাবুলে ছিলাম। আমি তখন শুনেছিলাম তালেবানরা ক্রিকেট ও ক্রিকেটারদেরকে ভালোবাসে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!