ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

ইউএস ওপেনে খেলবেন না সেরেনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ২৬ আগস্ট ২০২১
ইউএস ওপেনে খেলবেন না সেরেনা
সেরেনা উইলিয়ামস

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে একের পর এক তারকা খেলোয়াড় নিজেদের প্রত্যাহার করে নিচ্ছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন ঘরের মাঠের বড় তারকা সেরেনা উইলিয়ামস। 

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন সেরেনা। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিজেকে সরিয়ে নেয়ার কথা জানান ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।

এর আগে গত জুনে পায়ে চোট পেয়ে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন সেরেনা। ৩৯ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় লিখেছেন, পুরোপুরি সেরে ওঠার জন্য আমার ডাক্তার ও মেডিকেল দলের পরামর্শ বিবেচনায় নিয়ে আমি ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো লেখেন, বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর শহরগুলোর একটি হলো নিউ ইয়র্ক। খেলার জন্য আমার প্রিয় জায়গাগুলোর একটি এটি। আমি সমর্থকদের খুব মিস করব। তবে দূর থেকে উদযাপন করব। অব্যাহত ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। শিগগির দেখা হবে।

ছয়বারের ইউএস ওপেনজয়ী এই তারকার আগে এবারের আসর থেকে সরে দাঁড়িয়েছেন গতবারের চ্যাম্পিয়ন ডমিনিক টিম, ২০ গ্র্যান্ড স্ল্যামজয়ী দুই তারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। আগামী সোমবার নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে শুরু হবে ইউএস ওপেনের এবারের আসর।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!