আগামী ২৪ অক্টোবর ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে স্বাগতিক বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় অনুযায়ী রাত ৮.১৫ মিনিট থেকে ম্যাচটি শুরু হবে। ফিরতি পর্ব হওয়ার কথা মার্চে।
২০০৩ সালের পর এবারই প্রথম স্প্যানিশ ফুটবলের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে না লিওনেল মেসিকে। থাকবেন না সার্জিও রামোসও। দুজনেই চলতি মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিয়েছেন।
.png)
স্পেনে থাকাকালীন মেসি এবং রামোস ছিলেন একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী। প্যারিসে অবশ্য এখন তারা ‘বন্ধু’। মেসি পিএসজি-র হয়ে তিনটি ম্যাচে খেলে ফেললেও রামোসকে এখনো নামতে দেখা যায়নি।
রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ায় এমনিতেই এল ক্লাসিকোর জৌলুস অনেকটা কমে গিয়েছিল। মেসি চলে যাওয়ায় সেই জনপ্রিয়তা আরো ধাক্কা খেয়েছে। লা লিগা নিয়ে সাধারণ মানুষের আগ্রহও কমেছে। সেই জায়গা অনেকটাই কেড়ে নিয়েছে ইপিএল এবং ফরাসি লিগ।
বর্তমানে দুই ক্লাবের অবস্থানও দু’রকম। নতুন কোচ কার্লো আনচেলোত্তির অধীনে তরতর করে এগিয়ে যাচ্ছে রিয়াল। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে তারা। বিপরীতে বার্সেলোনা ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বরে।
এমতাবস্থায় কোচ রোনাল্ড কোম্যানের চাকরি নিয়েও টানাটানি চলছে। ফলে ধারে-ভারে এখন থেকেই এগিয়ে রয়েছে রিয়াল। বিপক্ষের মাঠে তাদের রেকর্ডও ভাল। ২০১৫ সালের পর থেকে ন্যু ক্যাম্পে বার্সেলোনা মাত্র এক বার রিয়ালকে হারিয়েছে।