ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে দল কিনতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ২১ অক্টোবর ২০২১
আইপিএলে দল কিনতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড
ফাইল ছবি

কিছুদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। আগামী আসর শুরু হতে এখনো বাকি বেশ অনেকটা সময়। এরই মধ্যে এসেছে নতুন চমক। আইপিএলে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানী গ্লেজার ফ্যামিলি।

আইপিএলের সামনের আসরে আরো দুটি দল যুক্ত হবে। নতুন দুই দলের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। একটি বেসরকারী ফার্মের মাধ্যমে বিসিসিআইয়ের কাছ থেকে ইনভাইটেশন টু টেন্ডার (আইটিটি) নিয়েছে গ্লেজার ফ্যামিলি।

ভারতীয় জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে আইপিএল গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘নিয়ম অনুযায়ী বিদেশী বিনিয়োগকারীরা যদি শর্তগুলো পূরণ করে তবে তারা বিড জমা দেওয়ার যোগ্য।’

Advertisement

তিনি আরো বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিতভাবে বলতে পারছি না যে, ম্যানচেস্টার ইউনাইটেড মালিকরা বিডিং টেবিলে আসবে কি না। তবে আমরা জেনেছি তারা আগ্রহ দেখিয়েছে।’

বিসিসিআই আইপিএলকে এরই মধ্যে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর ফলে নতুন দুটি দল নিতে আগ্রহী ক্রেতার সংখ্যা অনেক। যেখানে তাদের মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে।

বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য দরদাতারা বিড করার যোগ্য হওয়ার জন্য প্রত্যেক দলের জন্য গড়ে ৩০০০ কোটি টাকার ভিত্তিমূল্য বা ২৫০০ কোটি টাকার ব্যক্তিগত সম্পদের হিসাব জমা দিতে হবে।

এর আগে গত ৩০ আগস্ট আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক সভায় নতুন দুই ফ্র্যাঞ্চাইজিকে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। যা গত বছরের ডিসেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় প্রথম প্রস্তাবিত হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!