ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কোচ হয়ে ‘ঘর’ বার্সেলোনায় ফিরছেন জাভি হার্নান্দেজ
বহুদিন ধরেই শোনা যাচ্ছিল জাভি হার্নান্দেজের নাম। জাভিকে কোচ করতে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা। সেই উদ্যোগ এবার সফল হচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনার কোচ হতে চলেছেন জাভি হার্নান্দেজই। এটা জাভির কোচিং ক্যারিয়ারে দ্বিতীয় ক্লাব।
জাভি বর্তমানে কাতারের যে ক্লাবে ছিলেন, সেই আল সাদ ক্লাব তিনি ছেড়ে দিয়েছেন। কোচ হয়ে বার্সলোনায় যোগ দেবেন বলেই নাকি তিনি আল সাদ ছেড়ে দিয়েছেন। কাতারের ক্লাবটির তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ২০১৯ সালে প্রথমবার আল সাদের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন জাভি।
একটি বিবৃতিতে কাতারের ক্লাব আল সাদ বলেছে, ‘চুক্তিতে নির্ধারিত ছাড়পত্রের যে নিয়মগুলো ছিল, সেগুলো মেনে নেয়ার পরই আল সাদের কর্তারা জাভিকে বার্সেলোনার জন্য ছেড়ে দিতে সম্মত হয়েছেন। জাভি আল সাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা তার সাফল্য কামনা করি।
গত মাসের শেষ দিকে কোচ রোনাল্ড কোম্যানকে ছাঁটাই করে বার্সেলোনা। এর পর থেকেই শুরু হয় জাভিকে নিয়ে গুঞ্জন। মাঝে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বার্সার ‘বি’ দলের দায়িত্বে থাকা সার্জি বারজুয়ানকে দায়িত্ব দেয় তারা।
জাভি অবশ্য প্রকাশ্যেই বলছিলেন- ‘ঘরে ফিরতে চান’। স্পেনের প্রাক্তন তারকা ফুটবলার জাভি বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছিলেন ৭৭৯টি ম্যাচ। সফল ফুটবলার হিসেবে তিনি ৮টি লা লিগা এবং ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ ২৫টি শিরোপা জিতেছিলেন।