কিছুদিন আগেই আন্তর্জাতিক টি-২০তে দ্রুততম ১০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন রশিদ। গতকাল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দ্রুততম ৪০০ উইকেট নেয়ার রেকর্ড থেকে মাত্র ১ উইকেট দুরে ছিলেন তিনি। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচেই অনন্য মাইলফলক স্পর্শ করেন সময়ের অন্যতম সেরা এই বোলার।
কিউই ওপেনার মার্টিন গাপটিলকে বোল্ড করে রেকর্ডটি গড়েন রশিদ খান। এর মাধ্যমে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে স্বীকৃত টি-২০তে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। ২৮৯ ম্যাচে রশিদের উইকেট এখন ঠিক ৪০০টি। যা সবচেয়ে কম ম্যাচ খেলে।
.png)
রেকর্ডটি এতদিন ছিল ইমরান তাহিরের। ৪০০ স্পর্শ করতে দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনারের লেগেছিল ৩২০ ম্যাচ। রশিদের লাগল ২৮৯ ম্যাচ। প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। তিনি এটি করেছিলেন ৩৬৪ ম্যাচে। তার স্বদেশি সুনিল নারাইনের লেগেছিল ৩৬২ ম্যাচ।
টি-২০ ফরম্যাটে সব মিলিয়ে ৫১২ ম্যাচে ৫৫৩ উইকেটে নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ব্রাভো। ৩৮৩ ম্যাচে নারাইনের উইকেট ৪২৫টি। তাহিরের শিকার ৩৩৪ ম্যাচে ৪২০ উইকেট।
এই মাইলফলক থেকে মাত্র ২ উইকেট দূরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি ৩৫১টি ম্যাচে ৩৯৮টি উইকেট নিয়েছেন। লাসিথ মালিঙ্গা নিয়েছেন ২৯৫টি ম্যাচে ৩৯০টি টি-২০ উইকেট।