ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

বার্সেলোনার কোচ হয়েই ‘নয় নিয়ম’ জারি করেছেন জাভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ১০ নভেম্বর ২০২১
বার্সেলোনার কোচ হয়েই ‘নয় নিয়ম’ জারি করেছেন জাভি
ক্লাবের দায়িত্ব গ্রহণের পর জাভি

মাঠের খেলায় স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। লা লিগা কিংবা উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোনোটাতেই ঠিক সুবিধা করতে পারছে না দলটি। এরই মধ্যে রোনাল্ড কোম্যানের পরিবর্তে দলের কোচ হয়েছেন সাবেক তারকা জাভি হার্নান্দেজ। দায়িত্ব নিয়েই ‘নয় নিয়ম’ জারি করেছেন তিনি।

সোমবার বার্সেলোনার কোচ হিসেবে জাভিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রায় সাড়ে ১০ হাজার বার্সা ভক্তের উপস্থিতিতে এই ক্লাব কিংবদন্তিকে দায়িত্ব বুঝিয়ে দেন ক্লাবের চেয়ারম্যান হুয়ান লাপোর্তা। দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকেই কাজে নেমে পড়েছেন জাভি।

ক্লাবের দায়িত্ব নেয়ার প্রথমদিনেই দুই ফিজিওকে বরখাস্ত করেছেন জাভি। এই দুজনকে এনেছিলেন কোম্যান। এর পাশাপাশি ড্রেসিংরুমের খেলোয়াড় এবং দলের স্টাফদের জন্য নয়টি নিয়ম বেঁধে দিয়েছেন তিনি। সেই নিয়মগুলো নিচে উল্লেখ করা হলো:

১ - অনুশীলনের কমপক্ষে দেড় ঘন্টা আগে খেলোয়াড়দের উপস্থিত হতে হবে। দেড় ঘন্টা আগে আসার লক্ষ্য হলো অনুশীলন শুরুর আগে নিজেদের মধ্যে কিছু আলোচনা করা।

২ - ক্লাব সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুশীলনের কমপক্ষে দুই ঘন্টা আগে আসতে হবে। দল সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগে আসার কারণ হচ্ছে খেলোয়াড়দের অনুশীলন শুরু করার আগে সবকিছু ঠিকঠাক করে রাখা। যাতে খেলোয়াড়রা এসেই অনুশীলনের জন্য প্রস্তুত হতে পারে।

৩ - খেলোয়াড়দের সিউটাত এস্পোর্টিভাতে খেতে হবে। সিউটাত এস্পোর্টিভা হচ্ছে বার্সেলোনার প্রশিক্ষণ মাঠ এবং একাডেমিভিত্তিক খাবার জায়গা। এখানে প্রথম দলের খেলোয়াড়দের ক্লাবের পুষ্টিবিদদের দ্বারা নির্ধারিত তালিকা অনুসারে খাওয়ানো হয়।

৪ - খেলোয়াড়দের জন্য চালু হচ্ছে জরিমানা। জাভি চান বার্সায় গার্দিওয়ালার মতোই একটি নিয়ম বানাতে। যা শিগগিরই ফল দেবে। কারণ ফুটবলাররা যথেষ্ট পেশাদার হয়ে থাকেন। তাদের কী করতে হবে এবং কী করতে হবে না তা তাদের জানতে হবে।

৫ - ম্যাচের ৪৮ ঘণ্টার মধ্যে দেরি বাড়ি ফেরা যাবে না। যখন দল কোনো খেলা থেকে দুই দিন বা ৪৮ ঘণ্টা দূরে থাকবে, তখন মধ্যরাতের পরে বাড়ি ফেরা নিষিদ্ধ।

৬ - খেলোয়াড়কে অবশ্যই সচেতন থাকতে হবে যে তাকে সর্বোত্তম সম্ভাব্য অবস্থায় খেলায় পৌঁছাতে হবে।

৭ - অতিরিক্ত ক্রীড়া কার্যক্রম নিয়ন্ত্রণ করতে হবে। খেলার বাইরেও ফুটবলারদের অন্যান্য কার্যক্রমে থাকতে পারে। যা নিয়ন্ত্রণ করতে হবে। অনেক বেশি ভ্রমণ করার ফলে যদি এগুলো তাদের পারফরম্যান্সে অবনতি করে তাহলে তাদের কোচিং স্টাফদের দ্বারা তদারকিতে রাখা হবে।

৮ - খেলোয়াড়দের শারীরিক ঝুঁকিতে ফেলতে পারে এইরকম কার্যক্রম একেবারে নিষিদ্ধ থাকবে। কোনো খেলোয়াড় সার্ফিং বা বৈদ্যুতিক বাইক চালাতে পারবেন না। এই ধরনের অনুশীলন অত্যন্ত গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং আইনি বিভাগে তোলা হবে।

৯ - খেলোয়াড়রা ক্লাবের একটি মৌলিক অংশ এবং তাদেরই প্রথম উদাহরণ স্থাপন করতে হবে। ভক্তদের প্রতি সহানুভূতি দেখাতে হবে এবং অহংকারী ভাব প্রকাশ করা নিষিদ্ধ। ভ্রমণের সময় অবশ্যই আচরণের নিয়ম মেনে চলতে হবে এবং বার্সেলোনাকে সর্বদা উৎসাহিত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!