লিখটেনস্টাইনের জালে জার্মানির ৯ গোল
কাতার বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাইয়ে নিয়মিত ছয় ফুটবলারকে ছাড়াই লিখটেনস্টাইনের বিপক্ষে বড় জয়ের উৎসবে মাতল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানী।
বৃহস্পতিবার রাতে লিখটেনস্টাইনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে আগেই কাতারের টিকেট নিশ্চিত করা জার্মানি।
জার্মানির কোচ হিসেবে প্রথম ছয় ম্যাচের সবগুলো জিতে রেকর্ড গড়লেন হান্স ফ্লিক। এ ম্যাচেই আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হলো আগেই সাবেক হয়ে যাওয়া জার্মানির কোচ ইওয়াখিম লুভকে। স্ট্যান্ডে বসে তিনি উপভোগ করলেন দলের দাপুটে ফুটবল।
.png)
ভক্সওয়াগন অ্যারেনায় লিখটেনস্টাইনের দুঃস্বপ্নময় রাতের শুরু নবম মিনিটে ইয়েন্স হোফের ফাউল করে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ার পর থেকে। স্পট কিক থেকে ইলকাই গিনদোয়ান এগিয়ে নেন জার্মানিকে।
হান্স ফ্লিকহান্স ফ্লিকডানিয়েল কাফমানের ২০তম মিনিটের আত্মঘাতী গোলে ব্যবধান হয় দ্বিগুণ। এরপর এক মিনিটের ব্যবধানে আরও দুই গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে লিখটেনস্টাইন।
২২তম মিনিটে লেরয় সানে ও ২৩তম মিনিটে মার্কো রয়েস লক্ষ্যভেদ করেন। নিজেদের মাঠে বড় জয়ের পথে ছুটতে থাকে জার্মানরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরো বাড়ান সানে। ৭৬ থেকে ৮৯-এই ১৩ মিনিটে আরো চার গোল হজম করে লিখটেনস্টাইন।
গোল বন্যার এ পর্বের শুরু টমাস মুলারের হাত ধরে। এরপর ৮০তম মিনিটে রিডল বাকু, ৮৬তম মিনিটে মুলার আরও একবার লক্ষ্যভেদ করেন।
সবশেষ আত্মঘাতী গোল করেন মাক্সিমিলিয়ান গাপেল!
অথচ ম্যাচের আগে কোভিড আর চোটের থাবায় জেরবার ছিল জার্মানি। নিকলাস সুলে করোনাভাইরাসের আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা জসুয়া কিমিখ, সের্গে জিনাব্রি, জামাল মুসিয়ালা ও সালসবুর্কের ফরোয়ার্ড করিম আদেইয়েমিকে রাখা হয় কোয়ারেন্টাইনে। এরপর চোটে ছিটকে যান ইউলিয়ান ড্রাক্সলার।
এ নিয়ে ৯ ম্যাচে ৮ জয় ও এক হারে ২৪ পয়েন্ট নিয়ে বাছাইয়ে ‘জে’ গ্রুপে শীর্ষে রয়েছে জার্মানি। ১ পয়েন্ট নিয়ে তলানীতে আছে অষ্টম হারের তেতো স্বাদ পাওয়া লিখটেনস্টাইন।