চন্দরপলকে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ২০২২ যুব বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করবেন তিনি।
২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। বিশ্বকাপের জন্য যুবা দলকে প্রস্তুত করতে ব্যাটিং পরামর্শককে ভূমিকায় থাকবেন শিবনারায়ণ চন্দরপল। তার সঙ্গে যোগ দেবেন ফ্লয়েড রেইফার (প্রধান কোচ), রোহান নার্স (সহকারী কোচ) এবং কার্টলি অ্যামব্রোস (বোলিং কোচ)।
.png)
ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা এই ক্যাম্পের জন্য ২৮ জন খেলোয়াড়কে বেছে নিয়েছেন। ২৮ খেলোয়াড়কে নিয়ে এই ক্যাম্প চলবে ১৫ থেকে ২৮ নভেম্বর অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে।
সিডব্লিউআই-এর ক্রিকেট ডিরেক্টর জিমি অ্যাডামস শিবনারায়ণ চন্দরপলকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে বলেন, শিবের (শিবনারায়ণ চন্দরপল) প্রচুর পরিমাণে ক্রিকেটীয় জ্ঞান রয়েছে। দলের সঙ্গে তার যুক্ত হওয়া কোচিং স্টাফদের জন্য একটি দুর্দান্ত সংযোজন হবে।
তিনি আরো নলেন, এরই মধ্যে স্যার কার্টলি অ্যামব্রোসের মতো আরেক আইকনকে আমরা পেয়েছি, যিনি এই দলের সঙ্গে আগস্ট থেকে ক্যাম্পে আছেন। সেই সঙ্গে এই যুবাদের প্রস্তুতের দায়িত্বে আরো বেশ কিছু কোচ আছে।
১৯৯৪ সালে অভিষেকের পর থেকে ২০১৫ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মোট ৪৫৪টি ম্যাচ খেলার মতো অনন্য এক রেকর্ড আছে শিবনারায়ণ চন্দরপলের দখলে। সাদা পোশাকে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি।
টেস্ট ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩০ সেঞ্চুরির সাহায্যে ১১৮৬৭ রান সংগ্রহ করেছেন চন্দরপল। এছাড়া ২৬৮টি ওয়ানডে ও ২২টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।