র্যাঙ্কিংয়ে লিটন-মুশফিক-তাইজুলের উন্নতি
ক্রিকেটের কোনো ফরম্যাটেই বাংলাদেশের সময়টা খুব একটা ভালো কাটছে না। সবশেষ চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। অবশ্য দলীয়ভাবে ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে আলো ছড়িয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। যার ফলও হাতেনাতে পেয়েছেন তারা।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শেষ হওয়ার পর আজ (বুধবার) আপডেটকৃত সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে নিজ নিজ অবস্থান থেকে উপরে উঠে এসেছেন লিটন, মুশফিক ও তাইজুল।
আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান ক্যাটাগরিতে ৪ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন মুশফিক। সাগরিকার পাড়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া দ্বিতীয় ইনিংসে করেন ১৬ রান।
.png)
একই টেস্টে সাদা পোশাকে অভিষেক সেঞ্চুরি পাওয়া লিটন ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে উঠে এসেছেন। ১১৪ ও ৫৯ রানের দুটো ঝলমলে ইনিংস খেলার পর ১৬ ধাপ এগিয়েছেন তিনি।
ভালো খেলার পুরস্কার পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। প্রথম ইনিংসে ৭ উইকেটের পাশাপাশি ম্যাচে ৮ উইকেট নেয়ায় তার ২ ধাপ উন্নতি হয়েছে। তাইজুলের বর্তমান অবস্থান ২৩ নম্বরে।
পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি এই র্যাংকিংয়ে বাজিমাত করেছেন। ম্যাচে ৭ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন তিনি। ক্যারিয়ার সেরা ১১ নম্বর অবস্থানে আছেন হাসান আলি। সমান ৭ উইকেট নিয়ে তিনিও এগিয়েছেন ৫ ধাপ।
একই ম্যাচে প্রথম ইনিংসে ১৩৩ এবং দ্বিতীয় ইনিংসে ৯১ রান করা ওপেনার আবিদ আলি এগিয়েছেন ২৭ ধাপ। ব্যাটসম্যান ক্যাটাগরিতে ক্যারিয়ার সেরা অবস্থানে তিনি আছেন ২০ নম্বরে।