দর্শকবিহীন স্টেডিয়ামে বায়ার্ন-বার্সেলোনা ম্যাচ
আগামী ৮ ডিসেম্বর আলিয়াঞ্জ এরেনাতে অনুষ্ঠিতব্য বায়ার্ন মিউনিখ বনাম বার্সেলোনার মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি দর্শকবিহীন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে কাতালান জায়ান্ট ক্লাব সূত্র নিশ্চিত করেছে। জার্মানীর বেভারিয়ান্স প্রদেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
গ্রুপ-ই’তে বায়ার্ন মিউনিখের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ইতোমধ্যেই পাঁচ ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করে নক আউট পর্ব নিশ্চিত করেছে বায়ার্ন।
এদিকে ৭ ডিসেম্বর ম্যানচেস্টার সিটি বনাম আরবি লিপজিগের মধ্যকার ম্যাচটিও দর্শকশুন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। গত মাসে জার্মানীর স্যাক্সোনি প্রদেশে কিছু স্থানে লকডাউন ঘোষণা করার কারণে লিপজিগের রেড বুল এরেনাতে কোন দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়নি।
.png)
কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জার্মান সরকার সম্প্রতি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে আবারো বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছে। এখন থেকে বুন্দেসলিগার ম্যাচগুলোতে দর্শকসংখ্যা ৫০ শতাংশ কমিয়ে সর্বোচ্চ ১৫ হাজার করা হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত জার্মানীতে চলমান করোনা মহামারীর চতুর্থ প্রবাহের কারনে ৭৩ হাজার নতুন করে আক্রান্ত হয়েছে ও একদিনে মৃত্যু হয়েছে ৩৮৮ জনের। গত সপ্তাহে জার্মানীর দক্ষিনাঞ্চলীয় প্রদেশ বেভারিয়ায় নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দুটি কেস পাওয়া গেছে।